টাঙ্গাইলের ভূঞাপুরে জ্বালানি-বিদ্যুৎ সংকটের অজুহাতে দ্রব্যমূল্য ও ভাড়ায় নৈরাজ্য, দিশেহারা জনজীবন
টাঙ্গাইলের ভূঞাপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও তীব্র বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার এবং পরিবহন খাতে অস্থিরতা চরম আকার ধারণ করেছে। হঠাৎ করেই পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির অজুহাতে ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন, ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সবচেয়ে বেশি ভোগান্তি দেখা যাচ্ছে স্থানীয় যাতায়াতে। গোবিন্দাসী থেকে চিতুলিয়া পাড়া কিংবা মাটিকাটা পর্যন্ত সিএনজি ভাড়া আগে যেখানে ৫ টাকা ছিল, বর্তমানে অনেক চালক সেখানে ১০ টাকা আদায় করছেন। ভাড়ার বিষয়ে জানতে চাইলে একাধিক চালক Bnc News-কে জানান, গ্যাসের স্বল্পতার কারণে তাদের অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে, তাই ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছেন। এতে নিম্ন আয়ের যাত্রীদের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।
Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, জ্বালানি সংকট ও বিদ্যুৎ সমস্যার কারণে স্থানীয় উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদামতো তেল না পাওয়া এবং দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। অনেক এলাকায় গত ২৪ ঘণ্টায় মাত্র ১ থেকে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
অন্যদিকে সাধারণ ক্রেতারা অভিযোগ করছেন, কিছু ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা কৃত্রিম সংকট সৃষ্টি করে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত মুনাফা আদায় করছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পরিবহন ভাড়ার চাপ এবং প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ লোডশেডিং—সব মিলিয়ে জনজীবন হয়ে উঠেছে অসহনীয়।
ভুক্তভোগীরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি)সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বাজার মনিটরিং জোরদার এবং সিএনজি ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দ্রুত পদক্ষেপ না নিলে সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।


একটি মন্তব্য পোস্ট করুন